মহাষষ্ঠী দিয়ে শুক্রবার (১৬ অক্টোবর) শুরু হয়েছে দুর্গাপূজার মূল আয়োজন। লগ্ন মোতাবেক আজ চলছে মহাসপ্তমী। যথাক্রমে অষ্টমী, নবমী ও বিজয়া দশমী দিয়ে বুধবার শেষ হবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। আর এ দুর্গাপূজার আনন্দে কোনো খামতি রাখতে নারাজ বিনোদন জগতের তারকারাও।

শারদীয় দুর্গাপূজা এলেই তারকাদের যেন পূজার সাজ সাজ রব উৎসব শুরু হয়। এ উৎসবের আমেজে রঙিন আবহে সেজে উঠেন সবাই। এবার ‘দুর্গা’রূপে পাহাড়ি সাজে দেখা গেল ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজিয়া হক অর্ষাকে।

অভিনেত্রী যেন একটু ভিন্নভাবেই হাজির হলেন ভক্ত-অনুরাগীদের মাঝে। দেবী দুর্গার প্রতীকী রূপ ধারণ করে তার ভক্ত-অনুরাগীদের চমকে দিলেন অর্ষা, ছড়ালেন মুগ্ধতা।

পরনে লাল শাড়ি। মাথায় টোপর, হাতে শাঁখা-পলা। পূজার সাধারণ সাজ বটে। কিন্তু অর্ষার এ সাজ অনন্য হয়ে উঠেছে অন্যান্য আনুষঙ্গিক বদৌলতে। ছবিগুলো তুলেছেন বান্দরবানের বিভিন্ন পাহাড় ও লোকেশনে। কখনো তার হাতে প্রতিমার মুখ, কখনো পিঠে নিয়েছেন থ্রুং, কখনো পাহাড়ি মানুষের সঙ্গে পারিবারিক আন্তরিকতায় মজেছেন, তো কখনো ত্রিশূল হাতে প্রতিবাদী রূপে ক্যামেরাবন্দি হয়েছেন। প্রতিটি চিত্রেই অর্ষাকে দেখে চোখ ফেরানো দায়।

অভিনেত্রীর এই বিশেষ ফটোশুট করেছে ‘মিস্টার মোমেন্টওয়ালা’। প্রতি বছরই দুর্গাপূজা উপলক্ষে এ রকম ফটোশুট করে থাকেন ফটোগ্রাফার মো. নাজমুল হোসেন। এবার তাকে পৃষ্ঠপোষকতা করেছে সাতকাহন। ফটোশুটটির নাম দেওয়া হয়েছে ‘পাহাড়ের নারী শক্তি ও দুর্গা’।

এই ফটোশুটে অর্ষাকে দেখে ভূয়সী প্রশংসা করছেন সামাজিক মাধ্যমের নেটিজেনরা। প্রশংসা করেছেন বিনোদন জগতের তারকারাও। অভিনেতা চঞ্চল চৌধুরী বলেছেন, ‘দারুণ’। নির্মাতা চয়নিকা চৌধুরী মন্তব্য করেছেন, ‘ভীষণ সুন্দর’; অভিনেত্রী সুষমা সরকার লিখেছেন, ‘মা দুর্গা’; শাহনাজ খুশি লিখেছেন, ‘বিউটিফুল’।

সূত্র: বিভিন্ন সূত্র থেকে সংগৃহীত।

Facebook Comments Box