ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে ৩০ শিক্ষার্থী অসুস্থ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় মিড ডে মিলের খাবার খেয়ে অন্তত ৩০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিশ্রামপুর মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (পলাশবাড়ী) শিক্ষার্থীরা খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, দুপুরে শিক্ষার্থীদের মধ্যে মিড ডে মিল পরিবেশন করা হয়। খাবারের তালিকায় ডিমও ছিল। ডিম খাওয়ার কিছুক্ষণ পর একে একে শিক্ষার্থীদের পেটে তীব্র ব্যথা ও বমি ভাব শুরু হয়। পরিস্থিতি গুরুতর হলে তাদের দ্রুত বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রায় ৩০ জন শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন শিক্ষার্থীরা বর্তমানে শঙ্কামুক্ত। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহাদুজ্জামান সজিব জানান, হাসপাতালে ভর্তি শিক্ষার্থীদের মধ্যে চারজন ছাড়া বাকি সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ অবস্থায় বাড়ি ফিরে গেছে।

ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার দাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সংশ্লিষ্ট বিদ্যালয় পরিদর্শন করেন।

জেলা প্রশাসক জানান, ডিম, ডিমের খোসা এবং প্রয়োজনীয় খাদ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিভিল সার্জন দপ্তরে পাঠানো হয়েছে। ল্যাবরেটরি পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর শিক্ষার্থীরা কী কারণে অসুস্থ হয়েছে, তা নিশ্চিত হওয়া যাবে।

এদিকে স্কুলের খাবারের মান ও নিরাপত্তা নিয়ে অভিভাবকদের উদ্বেগ আরও বেড়েছে। এর আগে গত ২১ সেপ্টেম্বর একই উপজেলার চাড়োল ইউনিয়নের মধুপুর-১, তুলসীপাড়া ও মধ্য গোয়ালকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডের প্যাকেটজাত দুধ পান করে ৩৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়েছিল। তাদের মধ্যেও বমি ভাব, পেটে ব্যথা ও মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দিয়েছিল।

পরপর এমন ঘটনায় বিদ্যালয়ের খাবার সরবরাহ, সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে বর্তমান ঘটনায় অসুস্থতার সুনির্দিষ্ট কারণ জানতে পরীক্ষাগারের রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে।

Facebook Comments Box