অক্টোবরে মুক্তি নিয়ে ধোঁয়াশায় রায়হান রাফীর ‘আন্ধার’

অক্টোবরে পূজা উপলক্ষে মুক্তি পাওয়ার কথা ছিল নির্মাতা রায়হান রাফীর হরর সিনেমা ‘আন্ধার’। সেই পরিকল্পনা সামনে রেখে ইতিমধ্যে সিনেমাটির প্রচারণাও শুরু হয়েছিল। প্রকাশ করা হয়েছে পোস্টার ও টিজার। তবে অক্টোবরের মুক্তির সময় ঘনিয়ে এলেও সিনেমাটি নিয়ে এখনো চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি। ফলে ‘আন্ধার’-এর মুক্তি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছিলেন, সেপ্টেম্বর মাসে সিনেমাটি চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হবে। কিন্তু সেপ্টেম্বর শেষের দিকে এলেও সিনেমাটি বোর্ডে জমা পড়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে অক্টোবরের নির্ধারিত সময়ে সিনেমাটি মুক্তি পাবে কি না, তা নিয়েও পরিচালক, প্রযোজক কিংবা অভিনয়শিল্পীদের পক্ষ থেকে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যাচ্ছে না।

এদিকে চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ ও গ্রুপে ‘আন্ধার’ অক্টোবরে মুক্তি পাচ্ছে না—এমন আলোচনা চলছে। তবে সিনেমাটির পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

সিনেমাটির গল্প ও অন্যতম প্রযোজক শাকিব চৌধুরী প্রথম আলোকে বলেন, সিনেমার সব ঘোষণা আনুষ্ঠানিকভাবে এসেছে এবং মুক্তি-সংক্রান্ত বিষয়ও আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তবে ‘আন্ধার’ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে কি না, জানতে চাইলে তিনি এ বিষয়ে মন্তব্য করতে চাননি।

অক্টোবরে মুক্তির পরিকল্পনা সামনে রেখে এরই মধ্যে ‘আন্ধার’-এর প্রচারণা শুরু করেছিলেন নির্মাতা রায়হান রাফী। প্রায় এক মাস ধরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির বিভিন্ন দৃশ্য প্রকাশ করেন। এসব দৃশ্য নিয়ে দর্শকদের মধ্যেও আলোচনা তৈরি হয়।

গত ৩ সেপ্টেম্বর প্রকাশ করা হয় সিনেমাটির ১ মিনিট ২৬ সেকেন্ডের টিজার। কোনো সংলাপ ছাড়াই তৈরি করা টিজারে রাখা হয়েছে রহস্যময় আবহ, চরিত্রগুলোর লুক ও বেশ কিছু চমকপ্রদ দৃশ্য। এতে আফসানা মিমি, গাজী রাকায়েত, চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, সিয়াম আহমেদ ও মোস্তফা মনোয়ারসহ প্রধান অভিনয়শিল্পীদের দেখা গেছে। টিজারে সিয়াম আহমেদের কয়েকটি অ্যাকশন দৃশ্যও রয়েছে।

‘আন্ধার’ নিয়ে দর্শকদের আগ্রহের অন্যতম কারণ সিনেমাটির হরর ঘরানা। বাংলাদেশে নিয়মিত বাণিজ্যিক হরর সিনেমা নির্মাণের প্রবণতা তুলনামূলক কম হওয়ায় রায়হান রাফীর এই আয়োজন শুরু থেকেই আলোচনায় রয়েছে।

সিনেমাটির গল্প লিখেছেন ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরী ও অর্থহীনের সাইদুস সালেহীন সুমন। গল্পের সঙ্গে যুক্ত আছেন আদনান আদিব খানও। দেশের বিভিন্ন অঞ্চলের ভৌতিক লোককাহিনি ও অতিপ্রাকৃত ঘটনা নিয়ে তাঁদের আগ্রহ থেকেই সিনেমাটির গল্পের ভাবনা এসেছে বলে জানা গেছে।

পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ‘আন্ধার’ বাংলাদেশের হরর ঘরানার বড় বাজেটের সিনেমাগুলোর একটি। সিনেমাটিতে উল্লেখযোগ্য পরিমাণ ভিএফএক্স ও গ্রাফিকস অ্যানিমেশনের কাজ রয়েছে। এসব কাজ কয়েক মাস ধরে মুম্বাইয়ের একটি স্টুডিওতে করা হয়েছে। সিনেমাটির বেশির ভাগ শুটিং হয়েছে গাজীপুর ও ময়মনসিংহে।

সব প্রস্তুতি ও প্রচারণার পরও ঘোষিত অক্টোবরেই ‘আন্ধার’ মুক্তি পাবে কি না, সেই প্রশ্নের উত্তর এখনো মেলেনি। মুক্তির তারিখ ও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়ার বিষয়ে নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন দর্শকেরা।

ফেসবুক থেকে পাওয়া তথ্য

Facebook Comments Box