স্বাস্থ্যসেবা, প্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানিতে বাড়বে কর্মসংস্থানের সুযোগ; শীর্ষে নার্স প্র্যাকটিশনার

আগামী এক দশকে চাকরির বাজারে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তিনির্ভর পেশার পাশাপাশি স্বাস্থ্যসেবা, নবায়নযোগ্য জ্বালানি এবং বিশেষায়িত কারিগরি দক্ষতাসম্পন্ন কর্মীদের চাহিদাও বাড়ার পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগ।

শ্রম বিভাগের ২০২৫ থেকে ২০৩৫ সালের কর্মসংস্থান পূর্বাভাস অনুযায়ী, দ্রুততম প্রবৃদ্ধির সম্ভাবনা রয়েছে এমন ১০টি পেশার মধ্যে ছয়টিই স্বাস্থ্যসেবা-সংশ্লিষ্ট। এসব পেশার কয়েকটিতে কর্মসংস্থানের পাশাপাশি বার্ষিক গড় বেতনও উল্লেখযোগ্য হারে বাড়তে পারে।

সবচেয়ে বেশি প্রবৃদ্ধি নার্স প্র্যাকটিশিয়ানে

তালিকার শীর্ষে রয়েছে নার্স প্র্যাকটিশিয়ান। ২০২৫–৩৫ সময়ে এ পেশায় কর্মসংস্থান ৪১ শতাংশ বাড়তে পারে। নতুন করে প্রায় ১ লাখ ৩৭ হাজার ৮০০টি চাকরি তৈরি হওয়ার পূর্বাভাস রয়েছে। এ পেশায় গড় বার্ষিক বেতন প্রায় ১ লাখ ৩২ হাজার ৩০০ ডলার।

দ্বিতীয় অবস্থানে রয়েছে সোলার ফটোভোলটাইক ইনস্টলার। এ পেশায় কর্মসংস্থান ৩৬ দশমিক ৫ শতাংশ বাড়তে পারে। নতুন চাকরি তৈরি হতে পারে প্রায় ১১ হাজার ৩০০টি। গড় বার্ষিক বেতন প্রায় ৫৩ হাজার ১৪০ ডলার।

তৃতীয় অবস্থানে থাকা ডেটা সায়েন্টিস্ট পেশায় কর্মসংস্থান বৃদ্ধির পূর্বাভাস ৩৪ দশমিক ৬ শতাংশ। এ সময়ে প্রায় ৯৫ হাজার ৪০০টি নতুন চাকরি তৈরি হতে পারে। গড় বার্ষিক বেতন প্রায় ১ লাখ ২০ হাজার ২৩০ ডলার।

তালিকায় রয়েছে স্বাস্থ্যসেবা ও সবুজ জ্বালানির চাকরিও

দ্রুত বাড়তে পারে এমন পেশার তালিকায় রয়েছে উইন্ড টারবাইন সার্ভিস টেকনিশিয়ান। এ পেশায় কর্মসংস্থান ২৯ দশমিক ৫ শতাংশ বাড়তে পারে এবং নতুন চাকরি তৈরি হতে পারে ৩ হাজার ৫০০টি। গড় বার্ষিক বেতন প্রায় ৬৪ হাজার ১২০ ডলার।

মেডিকেল ও হেলথ সার্ভিসেস ম্যানেজার পদে ২৪ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। নতুন চাকরি হতে পারে প্রায় ১ লাখ ৫৫ হাজার ১০০টি। গড় বার্ষিক বেতন প্রায় ১ লাখ ২৩ হাজার ৮৬০ ডলার।

এ ছাড়া ফিজিক্যাল থেরাপিস্ট অ্যাসিস্ট্যান্ট পদে ২৩ শতাংশ, সাইকিয়াট্রিক টেকনিশিয়ান পদে ২২ দশমিক ৩ শতাংশ, কম্পিউটার ও ইনফরমেশন রিসার্চ সায়েন্টিস্ট পদে ২১ দশমিক ৮ শতাংশ, অকুপেশনাল থেরাপি অ্যাসিস্ট্যান্ট পদে ২১ দশমিক ৫ শতাংশ এবং অপথ্যালমিক মেডিকেল টেকনিশিয়ান পদে ২১ দশমিক ৪ শতাংশ কর্মসংস্থান বৃদ্ধির পূর্বাভাস রয়েছে।

দ্রুত প্রবৃদ্ধির সম্ভাবনাময় ১০ পেশা

পেশাপ্রবৃদ্ধিনতুন চাকরিগড় বার্ষিক বেতন
নার্স প্র্যাকটিশিয়ান৪১%১,৩৭,৮০০$১৩২,৩০০
সোলার ফটোভোলটাইক ইনস্টলার৩৬.৫%১১,৩০০$৫৩,১৪০
ডেটা সায়েন্টিস্ট৩৪.৬%৯৫,৪০০$১২০,২৩0
উইন্ড টারবাইন সার্ভিস টেকনিশিয়ান২৯.৫%৩,৫০০$৬৪,১২০
মেডিকেল ও হেলথ সার্ভিসেস ম্যানেজার২৪.২%১,৫৫,১০০$১২৩,৮৬০
ফিজিক্যাল থেরাপিস্ট অ্যাসিস্ট্যান্ট২৩%২৬,২০০$৬৮,৩৮০
সাইকিয়াট্রিক টেকনিশিয়ান২২.৩%৩৬,০০০$৪৫,১৩০
কম্পিউটার ও ইনফরমেশন রিসার্চ সায়েন্টিস্ট২১.৮%৮,৪০০$১৪০,৩০০
অকুপেশনাল থেরাপি অ্যাসিস্ট্যান্ট২১.৫%১১,২০০$৭২,৩০০
অপথ্যালমিক মেডিকেল টেকনিশিয়ান২১.৪%১৫,৫০০$৪৫,৫৭০

শুধু এআই নয়, গুরুত্ব বাড়বে মানবিক সেবাতেও

তালিকাটি থেকে বোঝা যায়, ভবিষ্যতের চাকরির বাজার শুধু কৃত্রিম বুদ্ধিমত্তা বা তথ্যপ্রযুক্তিনির্ভর পেশাকে ঘিরে তৈরি হবে না। মানুষের স্বাস্থ্যসেবা, পরিচর্যা ও পুনর্বাসনের প্রয়োজন বাড়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট পেশাগুলোর চাহিদাও বাড়তে পারে।

একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণের ফলে সৌর ও বায়ুশক্তি-সংশ্লিষ্ট কারিগরি দক্ষতার প্রয়োজন বাড়তে পারে। অন্যদিকে ডেটা বিজ্ঞান ও কম্পিউটার গবেষণার মতো প্রযুক্তিনির্ভর ক্ষেত্রেও দক্ষ কর্মীর চাহিদা অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে।

তবে এসব পূর্বাভাস যুক্তরাষ্ট্রের শ্রমবাজারকে কেন্দ্র করে করা। তাই বাংলাদেশসহ অন্যান্য দেশের চাকরির বাজারে একই হারে কর্মসংস্থান বা বেতন বাড়বে—এমন নিশ্চয়তা নেই। দেশভেদে অর্থনীতি, প্রযুক্তি গ্রহণের হার, শিক্ষা ও প্রশিক্ষণব্যবস্থা এবং সংশ্লিষ্ট খাতের বিকাশের ওপর চাকরির চাহিদা নির্ভর করবে।

Facebook Comments Box