ইউরোপে নিজেদের সবচেয়ে বড় একক বিনিয়োগের জন্য ফিনল্যান্ডকে বেছে নিয়েছে গুগল। মার্কিন প্রযুক্তি জায়ান্টটি দেশটির কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) অবকাঠামো উন্নয়নে €১৩ বিলিয়ন বিনিয়োগ করবে বলে ঘোষণা দিয়েছে।

গুগল জানিয়েছে, এই বিনিয়োগের আওতায় ফিনল্যান্ডে তিনটি নতুন ডেটা সেন্টার নির্মাণ করা হবে এবং দেশটিতে থাকা একটি বিদ্যমান ডেটা সেন্টারের সম্প্রসারণ করা হবে। পাশাপাশি AI সেবার ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটাতে বিভিন্ন জ্বালানি প্রকল্পেও বিনিয়োগ করা হবে।

গুগল এক বিবৃতিতে বলেছে, “এটি ইউরোপে গুগলের সবচেয়ে বড় একক বিনিয়োগ এবং দায়িত্বশীলভাবে AI অবকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে ফিনল্যান্ডের নেতৃত্বের প্রতি এটি একটি স্বীকৃতি।”

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তেরি অরপো বলেন, গুগলের এই সিদ্ধান্ত দেশটির সক্ষমতার একটি স্পষ্ট প্রমাণ।

বিনিয়োগের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ফিনল্যান্ডের বিদ্যুৎ কোম্পানি ফোর্টামের সঙ্গে ২২ বছরের একটি চুক্তি করেছে গুগল। এর আওতায় দেশটির লোভিসা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুতের সর্বোচ্চ ৫০ শতাংশ কিনতে পারবে প্রতিষ্ঠানটি।

লোভিসা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বর্তমানে ফিনল্যান্ডের মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় ১০ শতাংশ সরবরাহ করে। ফোর্টাম জানিয়েছে, গুগলের দীর্ঘমেয়াদি বিদ্যুৎ কেনার প্রতিশ্রুতি কেন্দ্রটির আয়ু বাড়ানো এবং উৎপাদন ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে তাদের বিনিয়োগ কর্মসূচিকে সহায়তা করবে।

ফিনল্যান্ড কেন আকর্ষণীয়

AI-এর দ্রুত বিস্তারের ফলে প্রযুক্তি কোম্পানিগুলো বিশাল ডেটা সেন্টারের জন্য বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করতে প্রতিযোগিতায় নেমেছে। এ ক্ষেত্রে ফিনল্যান্ড প্রযুক্তি কোম্পানিগুলোর কাছে ক্রমেই আকর্ষণীয় হয়ে উঠছে।

দেশটির শীতল আবহাওয়া, প্রচুর কম-কার্বন বিদ্যুৎ এবং তুলনামূলকভাবে কম চাপযুক্ত বিদ্যুৎ গ্রিড ডেটা সেন্টার স্থাপনের জন্য সুবিধাজনক। ঠান্ডা আবহাওয়ার কারণে সার্ভারে ঠাসা ডেটা সেন্টারগুলো ঠান্ডা রাখতে তুলনামূলক কম শক্তি প্রয়োজন হয়।

চলতি সপ্তাহের শুরুতে  ফিনল্যান্ডের কৌভোলায় নতুন ডেটা সেন্টার নির্মাণে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দেয়। প্রতিষ্ঠানটি ফিনল্যান্ডের শক্তিশালী ডিজিটাল অবকাঠামো, পরিচ্ছন্ন জ্বালানি, তথ্য ব্যবস্থাপনা এবং দক্ষ প্রযুক্তি কর্মীদের প্রশংসা করেছে।

কোথায় হবে নতুন ডেটা সেন্টার

গুগল কাজানি, মুহোস ও ভায়ালা এলাকায় নতুন ডেটা সেন্টার নির্মাণ করবে। পাশাপাশি হামিনায় থাকা বিদ্যমান ডেটা সেন্টারটির সম্প্রসারণ করা হবে।

হামিনার কেন্দ্রটি গুগল ২০০৯ সালে একটি পুরোনো কাগজকলকে রূপান্তর করে প্রতিষ্ঠা করেছিল।

নতুন অবকাঠামো গুগলের Gemini AI chatbot, Search, Maps এবং YouTube-এর মতো সেবা পরিচালনায় সহায়তা করবে।

কর্মসংস্থান ও অর্থনীতিতে প্রভাব

গুগলের হিসাবে, এই বিনিয়োগের ফলে নির্মাণপর্বে ৩৭,০০০-এর বেশি কর্মসংস্থান তৈরি হতে পারে। প্রতিষ্ঠানটির দাবি, বিনিয়োগটি ফিনল্যান্ডের অর্থনীতিতে বছরে প্রায় €৩.৬ বিলিয়ন যোগ করতে পারে।

নির্মাণকাজ ২০২৭ ও ২০২৮ সালে হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া গুগল জানিয়েছে, বিনিয়োগের অংশ হিসেবে পরিচ্ছন্ন জ্বালানি প্রকল্প, জীববৈচিত্র্য সংরক্ষণ, শিক্ষা, গবেষণা এবং দক্ষ জনশক্তি উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পে অর্থ দেওয়া হবে।

গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট চলতি বছরের শুরুতে AI সেবার জন্য কম্পিউটিং সক্ষমতা বাড়াতে বৈশ্বিক বিনিয়োগ পরিকল্পনা সর্বোচ্চ ২০৫ বিলিয়ন ডলার পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছিল।

গুগলের প্রেসিডেন্ট ও প্রধান বিনিয়োগ কর্মকর্তা রুথ পোরাট বলেন, ফিনল্যান্ডে এই বিনিয়োগ প্রযুক্তিগত অবকাঠামো সম্প্রসারণের পাশাপাশি নতুন জ্বালানি সক্ষমতা, বিদ্যুৎ গ্রিড উন্নয়ন এবং জ্বালানির সাশ্রয়ী মূল্য নিশ্চিত করার উদ্যোগের সঙ্গে সমন্বিতভাবে করা হবে।

(Jessica Rawnsley), BBC News
Facebook Comments Box