শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও বিজ্ঞানমনস্কতা বিকাশের লক্ষ্যে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজে আয়োজন করা হয়েছে বিজ্ঞান মেলা। মেলায় নিজেদের তৈরি বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রকল্প প্রদর্শন করে ক্ষুদে বিজ্ঞানীরা। তাদের উদ্ভাবনী ভাবনা ও প্রযুক্তিনির্ভর উপস্থাপনা দর্শনার্থীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করে।
মেলার একটি স্টলে দেখা যায়, কয়েকজন শিক্ষার্থী তাদের তৈরি ‘অটোমেটিক স্ট্রিট লাইট’ বা স্বয়ংক্রিয় সড়কবাতি প্রকল্প প্রদর্শন করছে। প্রকল্পটির মডেলে রাস্তা, গাড়ি, গাছ, বাড়ি ও সড়কবাতির প্রতিরূপ তুলে ধরা হয়েছে। এ ধরনের প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীরা দৈনন্দিন জীবনের সমস্যার সমাধানে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছে।
বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞান বাস্তবে প্রয়োগের সুযোগ তৈরি করে। পাশাপাশি দলগত কাজ, সমস্যা সমাধান, গবেষণামনস্কতা ও উপস্থাপনার দক্ষতা বিকাশেও সহায়তা করে। নিজেদের হাতে তৈরি প্রকল্প প্রদর্শনের মাধ্যমে শিক্ষার্থীরা নতুন কিছু শেখা ও উদ্ভাবনের প্রতি উৎসাহিত হয়।
শিশু বয়স থেকেই বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ গড়ে তোলা ভবিষ্যতের উদ্ভাবক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের কৌতূহলকে জ্ঞানে রূপান্তরিত করার পাশাপাশি তাদের আত্মবিশ্বাস বাড়াতেও সহায়ক।



মন্তব্য করুন