শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ ও শিক্ষার্থীদের প্রত্যাশিত শিখনফল অর্জনে শ্রেণিকক্ষে শিক্ষকের কার্যকর পাঠদান ও নিয়মিত পর্যবেক্ষণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তিনি বলেন, একজন শিক্ষার্থী প্রত্যাশিত ফলাফল অর্জন করতে না পারলে এর পেছনের মূল কারণগুলো চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নিতে হবে। শিক্ষাদানের কার্যকারিতা ও শ্রেণিকক্ষের শিখন পরিবেশ নিশ্চিত করা শিক্ষক ও অভিভাবক উভয়ের দায়িত্ব হলেও শ্রেণিকক্ষে শিক্ষকের ভূমিকা সবচেয়ে বড়। 

শনিবার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘চ্যালেঞ্জড শিক্ষার্থী সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণস্বাক্ষরতা অভিযান এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

শিক্ষকদের নিয়মিত মূল্যায়ন ও অ্যাসেসমেন্টের ওপর জোর দিয়ে ববি হাজ্জাজ বলেন, শিক্ষক সমাজ মানসম্মত শিক্ষা দিতে চান বলেই এ পেশায় আসেন; তাই তাদের দক্ষতা ও শেখানোর প্রক্রিয়ার যথাযথ অ্যাসেসমেন্ট প্রয়োজন। 

ডিভাইস আসক্তিকে বর্তমান সময়ের একটি বড় সামাজিক চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, স্মার্টফোন ও ডিজিটাল ডিভাইসের প্রতি অতিরিক্ত নির্ভরতা তরুণ প্রজন্মসহ সমাজের বিকাশকে বাধাগ্রস্ত করছে। প্রযুক্তির ক্ষতিকর আসক্তি কমিয়ে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে।

শিক্ষাক্রম সংস্কার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সময়ের সাথে জ্ঞান ও দক্ষতার চাহিদা পরিবর্তিত হয় বলে শিক্ষাক্রমও নিয়মিত পর্যালোচনা করা উচিত। তবে যেকোনো পরিবর্তন হঠাৎ করে না এনে গবেষণা, দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও সংশ্লিষ্ট অংশীজনের মতামতের ভিত্তিতে করতে হবে, যেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের ওপর বাড়তি চাপ সৃষ্টি না হয়।

প্রত্যাশিত ফল না পাওয়া শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, সাফল্য লাভের অনেক পথ খোলা রয়েছে এবং কঠোর পরিশ্রমই মূল চাবিকাঠি।

গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন। 

এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গণস্বাক্ষরতা অভিযান কাউন্সিলের চেয়ারপার্সন ড. ইরাম মরিয়ম, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস ও ডা. আরিফুর রহমান। 

Facebook Comments Box