নারী মানেই সন্তান ধারণ করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু জন্মগতভাবে জরায়ু না থাকা, অস্ত্রোপচারের কারণে জরায়ু বাদ পড়া বা জরায়ু গর্ভধারণে অনুউপযুক্ত হওয়ায় অনেক নারী তার স্বপ্নপূরণে বঞ্চিত। 

আর এসব নারীদের জন্য সুখবর দিয়েছে আমেরকিান ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার পেন মেডিসিনের নতুন গবেষণা। জরায়ু প্রতিস্থাপনের মাধ্যমে সন্তানধারণের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য পাওয়া যাচ্ছে বলে জানাচ্ছেন গবেষকরা।

২০২৬ সালের সেপ্টেম্বরে প্রকাশিত এই গবেষণায় ২০১৬ থেকে ২০২৫ সালের মধ্যে আমেরিকার চারটি কেন্দ্রে হওয়া মোট ৬০টি জরায়ু প্রতিস্থাপনের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। গবেষণাটি প্রকাশিত হয়েছে Obstetrics & Gynecology জার্নালে। গবেষকদের হিসাব অনুযায়ী, জরায়ু প্রতিস্থাপন করা নারীদের প্রায় ৭০ শতাংশ অন্তত একটি জীবিত সন্তানের জন্ম দিয়েছেন 

কেন প্রয়োজন হয় জরায়ু প্রতিস্থাপনের?

জন্ম থেকেই জরায়ু না থাকা বা জরায়ু এমন অবস্থায় থাকা যে সেখানে গর্ভধারণ সম্ভব নয়, গবেষণায় অংশ নেওয়া বেশিরভাগ নারীর ক্ষেত্রেই এই সমস্যা ছিল। আবার কয়েকজনের ক্ষেত্রে অস্ত্রোপচারের মাধ্যমে জরায়ু বাদ দেওয়া হয়েছিল অথবা জরায়ু গর্ভধারণের উপযুক্ত ছিল না।

কতটা সফল এই পদ্ধতি?

৬০টি প্রতিস্থাপনের মধ্যে ৫১টি প্রতিস্থাপিত জরায়ু অস্ত্রোপচারের পর প্রথম গুরুত্বপূর্ণ ৩০ দিন পার করতে সক্ষম হয়। এই নারীদের মধ্যে ৮২ শতাংশেরও বেশি অন্তত একটি জীবিত সন্তান পেয়েছেন অথবা ২০ সপ্তাহের বেশি সময় ধরে গর্ভবতী ছিলেন। এমনও হয়েছে যে প্রতিস্থাপিত জরায়ুর সাহায্যে একই নারী একাধিক সন্তানের জন্ম দিয়েছেন। গবেষণায় দেখা গিয়েছে, নয়জন নারী দুটি করে সন্তানের জন্ম দিয়েছেন। শুধু সন্তান জন্ম নয়, নজর রাখা হয়েছে শিশুর স্বাস্থ্যের দিকেও

গবেষণায় শিশুদের জন্মের পরবর্তী স্বাস্থ্যের দিকটিও পর্যবেক্ষণ করা হয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সময় এবং ছয় মাস বয়সে শিশুদের স্বাভাবিক বিকাশ লক্ষ্য করা যায়। তিন বছর বয়সে ২৯ জন শিশুকে মূল্যায়ন করা হয় এবং তাদের বৃদ্ধি স্বাভাবিক ছিল। 

গবেষকদের মতে, জরায়ু প্রতিস্থাপন এখনও অত্যন্ত জটিল চিকিৎসা পদ্ধতি এবং আমেরিকাতেও হাতে গোনা কয়েকটি কেন্দ্রেই এই চিকিৎসা করা হয়। তার উপর সাধারণত বিমার আওতায় এই চিকিৎসার খরচ পড়ে না। ফলে চিকিৎসা প্রযুক্তির উন্নতি হলেও সাধারণ মানুষের কাছে এই সুযোগ পৌঁছে দেওয়াই এখন বড় চ্যালেঞ্জ।

তবু গবেষকদের দাবি, গত এক দশকের ফলাফল দেখাচ্ছে—জন্মগতভাবে জরায়ু না থাকা বা জরায়ু দিয়ে গর্ভধারণ সম্ভব নয় এমন নারীদের ক্ষেত্রে মাতৃত্বের একটি নতুন দরজা খুলে দিয়েছে জরায়ু প্রতিস্থাপন।

সূত্র: আজকাল

Facebook Comments Box