নারীদের টি-টোয়েন্টি এশিয়া কাপে হংকংকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। ম্যাচ শেষে পাকিস্তানের প্রধান কোচ ওয়াহাব রিয়াজ সমর্থকদের সঙ্গে কথা বলার সময় এক সমর্থকের বিশেষ আবদার সবার নজর কেড়েছে।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে বিজ্ঞাপনী হোর্ডিংয়ের পাশ দিয়ে যাওয়ার সময় ওয়াহাব রিয়াজকে উদ্দেশ করে ওই সমর্থক বলেন, এশিয়া কাপের ট্রফি তার চাওয়া নয়; বরং পাকিস্তান যেন ভারতকে হারায়, সেটিই তার সবচেয়ে বড় প্রত্যাশা।
ভিডিওতে ওই সমর্থককে বলতে শোনা যায়, ‘ওয়াহাব সাহেব, ভারতের বিরুদ্ধে চেষ্টা করুন। ওয়াহাব ভাই, ভারতকে হারাতেই হবে। আমাদের এশিয়া কাপের ট্রফি চাই না, ভারতকে হারাতে হবে। ভারতকে ছাড়ব না।’
পাকিস্তানের সেমিফাইনালের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। অন্য সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ অথবা সংযুক্ত আরব আমিরাত। ফলে পাকিস্তান ও ভারতের আবার মুখোমুখি হওয়ার সুযোগ এখন কেবল ফাইনালে।
তবে গ্রুপপর্বে ভারত-পাকিস্তান ম্যাচে আধিপত্য দেখিয়েছে ভারত। পাকিস্তানকে মাত্র ৫৫ রানে অলআউট করে ভারত মাত্র ৮.৩ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ৭ উইকেটের সেই জয় ভারতকে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল হিসেবে আরও এগিয়ে রাখে।
এখন পাকিস্তানের সামনে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ওঠার চ্যালেঞ্জ। আর ফাইনালে ভারত উঠলে পাকিস্তানি সমর্থকদের সেই বিশেষ চাওয়া পূরণের সুযোগও তৈরি হতে পারে।



মন্তব্য করুন