প্রাপ্তবয়স্ক নারীর বিদেশযাত্রায় অভিভাবকের অনুমতি নিয়ে প্রশ্ন
ঢাকা, ১ অক্টোবর ২০২৬: বিমানবন্দরে প্রাপ্তবয়স্ক নারী যাত্রীদের বিদেশযাত্রা, বৈবাহিক অবস্থা, অভিভাবকের অনুমতি ও ব্যক্তিগত জীবন নিয়ে অযাচিত প্রশ্ন এবং হয়রানির অভিযোগে উদ্বেগ জানিয়েছে অগ্রযাত্রা নারীফোরাম।
সংগঠনটির দাবি, সাম্প্রতিক সময়ে বৈধ পাসপোর্ট ও প্রয়োজনীয় ভ্রমণ নথি থাকা তিন প্রাপ্তবয়স্ক নারী নেপাল যাওয়ার পথে বিমানবন্দরে বাধার মুখে পড়েন। তাদের অবিবাহিত হওয়া এবং পরিবারের অনুমতি নিয়ে প্রশ্ন করা হয়েছিল বলে আদালতে জানানো হয়েছে। এ ঘটনায় হাইকোর্ট বিষয়টি নিয়ে রুল জারি করেছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
অগ্রযাত্রা নারীফোরাম বলেছে, বৈধ পাসপোর্ট, ভিসা বা প্রবেশের অনুমতি এবং প্রয়োজনীয় কাগজপত্র থাকা কোনো প্রাপ্তবয়স্ক নারী শুধু নারী, অবিবাহিত বা একা ভ্রমণ করছেন—এ কারণে বিদেশযাত্রায় বাধার মুখে পড়া উচিত নয়।
একই সঙ্গে প্রাপ্তবয়স্ক নারীর পোশাককে তার ব্যক্তিগত স্বাধীনতা ও পছন্দের বিষয় হিসেবে উল্লেখ করে সংগঠনটি বলেছে, নিরাপত্তা বা আইনি প্রয়োজনের সীমার বাইরে পোশাকের কারণে কোনো নারীকে অপমান, হয়রানি বা অযাচিত জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা উচিত নয়।
পাঁচ দফা দাবি
অগ্রযাত্রা নারীফোরাম বৈধ নথিপত্র থাকা প্রাপ্তবয়স্ক নারীদের বিদেশযাত্রায় অপ্রাসঙ্গিক বাধা বন্ধ, বৈবাহিক অবস্থা ও পোশাক নিয়ে অযাচিত প্রশ্ন বন্ধ এবং নারী-পুরুষ নির্বিশেষে একই ইমিগ্রেশন মানদণ্ড প্রয়োগের দাবি জানিয়েছে।
এ ছাড়া নারী যাত্রীদের মর্যাদা, ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে জেন্ডার সংবেদনশীল আচরণবিধি কার্যকর এবং অভিযোগ তদন্ত ও জবাবদিহির জন্য বিমানবন্দরে কার্যকর ও গোপনীয় অভিযোগ ব্যবস্থা চালুর দাবি জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে এসব দাবি জানান অগ্রযাত্রা নারীফোরামের আহ্বায়ক জাকিয়া শিশির।



মন্তব্য করুন