কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন সালমান নিজেই। বিষয়টি জানিয়ে তিনি ফেসবুকে একটি ভিডিওবার্তা প্রকাশ করেছেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজ এলাকায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে বলে জানা গেছে।
অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা স্টুডিওর বিভিন্ন কক্ষের আসবাবপত্র ও সরঞ্জাম ভাঙচুর করে। পাশাপাশি স্টুডিওতে থাকা বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যাওয়ারও অভিযোগ রয়েছে। হামলায় সিসি ক্যামেরাসহ অন্যান্য যন্ত্রপাতিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ বিষয়ে ক্যান্টনমেন্ট থানার ডিউটি অফিসার জানান, ইসিবি চত্বর এলাকায় আধিপত্য বিস্তার বা অবৈধ দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটেছে বলে জানান তিনি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। এ সময় ছুরিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তবে সালমান মুক্তাদিরের পক্ষ থেকে চাঁদা দাবির অভিযোগ করা হলেও পুলিশ ঘটনাটিকে আধিপত্য বিস্তার বা অবৈধ দখলকে কেন্দ্র করে সংঘর্ষ হিসেবে উল্লেখ করেছে। অভিযোগগুলোর বিষয়ে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা আরও পরিষ্কার হবে।



মন্তব্য করুন